সরাইলে জাতীয় সংগীত গাওয়ার বিষয়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধ বাণী ও সুরে জাতীয় সংগীত গাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সোমবার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখা এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়, ২০টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ ও ২টি দাখিল মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার বিষয়ে পরিকল্পনা নেন। এরই অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর উপজেলা সদরের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় সংগীতের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও একাধিক বিদ্যালয়ে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়।

সকাল ১০টায় ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা কর্মশালার উদ্বোধন করেন। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদ খালিদ জামিল খান, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ। প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক আমিনুল হক বাবুল ও প্রতীক এন্দ।

ইউএনও বলেন, ‘এখানে বিদ্যালয়গুলোতে পাঠদান শুরুর আগে জাতীয় সংগীত গাওয়া হলেও তা শুদ্ধভাবে হয় না। এ উপলব্ধি থেকেই উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার জন্য প্রশিক্ষণের চিন্তা করেছি।’