ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসাছাত্র জুনায়েদ মিয়া (১০) হত্যার ঘটনায় গত বুধবার রাতে আরও দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন সুমন মিয়া ও সুকুমার চন্দ্র দাস (৩০)।
সুমন মিয়া উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে এবং সুকুমার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের নারায়ণ চন্দ্র দাসের ছেলে। সুমন আগে গ্রেপ্তার হওয়া সানাউল্লাহ মিয়ার শ্যালক। সুমনকে কিশোরগঞ্জের ভৈরব শহরের চণ্ডীবের এলাকা থেকে আর সুকুমারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সুমন মিয়া গতকাল বৃহস্পতিবার আদালতে দেওয়া জবানবন্দিতে জুনায়েদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মইনুর রহমান বলেন, গতকাল বিকেলে গ্রেপ্তার দুজনকেই জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে সুমন মিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর আগে সুমনের ভগ্নিপতি সানাউল্লাহ মিয়াও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।