সরাইলে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যানবাহন চলাচল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি সেতু ঝুঁকিপূর্ণ। এটি দিয়ে যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে তা মানা হচ্ছে না। তাই সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের উত্তর পাশে মেঘনা ও তিতাস নদীর সংযোগ নদ জাফর খাঁর ওপর ১৯৬৫ সালে সেতুটি নির্মিত হয়। এটি দৈর্ঘ্যে ৩০ মিটার ও প্রস্থে সাড়ে চার মিটার। উপজেলার সৈয়দটুলা, কুট্টাপাড়া, নোয়াহাটি দর্জিপাড়া ও শ্রীঢুবা পানিশ্বর ইউনিয়নের ১২টি গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ এই সেতু ব্যবহার করে। এর মধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের জন্য সেতুটি ব্যবহারের বিকল্প নেই। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ৪৮ বছরের পুরোনো সেতুটি মাত্র দুটি খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। সেতুটির রেলিংয়ের একাংশ ভেঙে রড বের হয়ে গেছে অনেক আগেই। আর দুই বছর আগে সেতুর মাঝের একাংশে বড় গর্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন অংশে ভাঙন ও ফাটলের সৃষ্টি হয়েছে। পুরো সেতুটিই এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি এলাকার কয়েক ব্যক্তি সেতুটির দুই প্রান্তে দুটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। যাতে লেখা আছে, ‘এটি ঝুঁকিপূর্ণ ব্রিজ, যাত্রী ও মালবাহী যান চলাচল সম্পূর্ণ নিষেধ’।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিপদ জেনেও প্রতিদিন দুই শতাধিক যাত্রী ও মালবাহী ভারী যানবাহন চলছে সেতুটি দিয়ে। স্থানীয় সৈয়দটুলা গ্রামের বাসিন্দা দুলাল মিয়া (৪৫) ও গাজী মো. আবদুর রাজ্জাক (৪০) বলেন, এ সেতু দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ। রিকশাচালক বাদল মিয়া (৩০) বলেন, ‘এইডা দিয়া সামান্য একটা রিসকা চালাইতেই ডর করে।’ কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা মইনুল ইসলাম খন্দকার অভিযোগ করেন, গত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনের আগে সেতুটি নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। কিন্তু তাঁরা সেই প্রতিশ্রুতি রাখছেন না। জানতে চাইলে সরাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে নতুন সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষাসহ আনুষঙ্গিক কাজ শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আনিসুজ্জামান খান বলেন, ‘আমি সেতুটি পরিদর্শন করেছি। এটি খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয় জনগণের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’