সরাইলে ডায়রিয়ায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত পাঁচ দিনে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় অর্ধশত লোক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ডায়রিয়ায় গত শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে হিরু মিয়া (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুর গ্রামের বাসিন্দা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত সাতজন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। স্বাস্থ্য কমপ্লেক্স ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, হিরু মিয়া গত শুক্রবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদের জানান, প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গড়ে ৮-১০ জনকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ কলেরার স্যালাইন রয়েছে।