সরাইলে তরুণীর কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ও মাদক সেবনের দায়ে এক তরুণীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেন এ রায় দেন।
ইউএনওর কার্যালয় থেকে জানা গেছে, মেয়েটির মা-বাবা গত সোমবার ইউএনওর কাছে মেয়েটির বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণ ও জীবনযাপন এবং মাদক সেবন করার অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে সরাইল থানার এএসআই কবির হোসেন ঘটনাটি তদন্ত করতে গতকাল সকালে সরেজমিনে ওই পরিবারের বাড়িতে যান। তিনি ঘটনার সত্যতা পান এবং মেয়েটির শোবার ঘর থেকে ইয়াবা বড়ি উদ্ধার করেন।পরে তিনি মেয়েটিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ইউএনও মেয়েটিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। গতকাল পুলিশ তাঁকে কারাগারে পাঠায়। তবে মেয়েটি নিজেকে নির্দোষ দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো নেশা করি না।’