সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষকদের ফসলি জমিতে জোর করে সড়ক নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল সোমবার দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি চারটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ও নোয়াগাঁও গ্রামের লোকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, নোয়াগাঁও গ্রামের মো. সফিক মিয়া ধর্মতীর্থ এলাকায় নবনির্মিত এক ইটভাটার একাংশের মালিক স্থানীয় একাধিক কৃষকের ফসলি জমির ওপর দিয়ে ইটভাটার সড়ক নির্মাণকাজ শুরু করেন। এতে নিজ নিজ জমির স্বত্বাধিকারীরাসহ লোকজন ক্ষিপ্ত হয়ে বাধা দেন। কিন্তু সফিক কৃষকদের বাধা উপেক্ষা করে সড়ক নির্মাণ করেই চলেছেন। গতকাল সকালে ধর্মতীর্থ গ্রামের জিল্লুর রহমান ও তাঁর ভাইয়েরা সড়ক নির্মাণে পুনরায় বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে সফিক তাঁর লোকজন নিয়ে কৃষকদের ওপর হামলা করেন। এ ঘটনার জের ধরে দুপুরে ধর্মতীর্থ ও নোয়াগাঁও গ্রামের দুই সহস্রাধিক দাঙ্গাবাজ দেশীয় অস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর সড়কের পাশে হাওর এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।