সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল শুক্রবার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে সদর হাসপাতালে এবং দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বোরো জমিতে পানি দেওয়া নিয়ে গত বুধবার উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া ও নিজসরাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার নিষ্পত্তির জন্য গতকাল দুপুরের পর উভয় গ্রামের মাঝামাঝি স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে এক সালিস বৈঠক বসে। বৈঠকের শেষ পর্যায়ে নিজসরাইল গ্রামের কয়েকজন যুবক পাঠানপাড়া গ্রামের বাসিন্দাদের উদ্দেশ করে কটূক্তি করলে বিকেলে উভয় গ্রামের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রামের নারী-পুরুষসহ শতাধিক লোক আহত হয়।