সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড় মোড়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তিনটি মহাসড়কে ছয় কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিশ্বরোড় মোড়ে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের আলাল উদ্দিনের সঙ্গে সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আবু মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে উভয় গ্রামের লোকজন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ লোকজন বিশ্বরোড় মোড়ের খাটিহাতা গ্রামের দুটি হোটেলসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে সদর ও সরাইল থানার পুলিশ এবং বিশ্বরোড় মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ১৪ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৯ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো পক্ষ এখনো মামলা করেনি।