সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এক গৃহবধূকে কটূক্তির জের ধরে গতকাল রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের বাসিন্দা ও ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার ও মোহন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে।পুলিশ ও গ্রামবাসী জানায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মোহন মিয়ার পক্ষের এক গৃহবধূর প্রতি আবদুল জব্বারের পক্ষের কাউছার ও লিটন মিয়া গত শনিবার বিকেলে কটূক্তি করে। এর জের ধরে গতকাল সকালে কাউছারের বড় ভাই হাসেন মিয়াকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর জখম করে। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা-বল্লম, ইটপাটকেল ও লাটিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে শফি মিয়া, মোশাররফ হোসেন, উজ্জ্বল মিয়া, অহিদ মিয়া, জামাল হোসেন, দানিশ মিয়া, লাফি মিয়া, জাহাঙ্গীর হোসেন, ফিরোজা বেগম, আনিছ মিয়া, ফিদ মিয়া, ছমান মিয়া, মাদদুধ মিয়া ও আলম মিয়াকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষই মামলা করেনি।