সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মিজান মিয়া ও হাবিব মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় ৮-১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গতকাল বুধবার সকাল নয়টার দিকে দেওড়া গ্রামের হাবিব মিয়ার পক্ষের শহীদ মিয়া (৩৫) গ্রামের বাজারে যান। এ সময় মিজান মিয়ার পক্ষের লোকজন তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে খোকন মিয়া, হাকিম মিয়া, নজরুল ইসলাম, সায়েরা বেগম, রকিব মিয়া, বাহার মিয়া, শিল্পী বেগম, রহিম মিয়া, আলী রেজা, আলী উজ্জ্বল ও মুখলেছ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজেরা উভয় পক্ষের ৮-১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শহীদ মিয়া ও নাঈম মিয়াকে গ্রেপ্তার করেছে। সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তার দুই দাঙ্গাবাজকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।