সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পুকুরের মাছ ধরা নিয়ে গতকাল শুক্রবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের হাবিবুর রহমান ও পীরজাদা এমদাদুল হকের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, এক বছর আগে টিঘর বড় দীঘির ইজারা নিয়ে গ্রামের হাবিবুর রহমান ও পীরজাদা এমদাদুল হকের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। গতকাল সকালে এমদাদুল হকের লোকজন ওই দীঘিতে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫০ জন আহত হয়। সংঘর্ষের সময় ১০-১২টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সূত্র জানায়, আহত ব্যক্তিরা গ্রেপ্তারের ভয়ে উপজেলার বাইরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।হাবিবুর রহমান বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এমদাদুলের লোকজন জোর করে পুকুরে মাছ ধরতে গেলে আমার লোকজন বাধা দেয়। এ সময় তারা আমার লোকজনের ওপর হামলা চালায়।’অন্যদিকে এমদাদুল হক বলেন, ‘আমরা টিঘর বড় দীঘির বৈধ ইজারাদার। মাছ ধরতে গেলে প্রতিপক্ষের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালায়।’সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।