সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বুধবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মধ্যপ্রাচ্যে লোক পাঠানোকে কেন্দ্র করে উপজেলার শাহজাদাপুর ইউগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মফিল মিয়া খাদেমের ভাতিজা সাব্বির মিয়া খাদেম একই গ্রামের আল-আমীন (২৫) নামের এক যুবককে বাহরাইন পাঠান। এ জন্য তিনি সাড়ে তিন লাখ টাকা নেন। বাহরাইনে মাস খানেক থাকার পর চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে আল-আমীন কয়েক দিন আগে ফিরে আসেন। আল-আমীনের বাবা নিজাম উদ্দিন (৬০) বিষয়টি জানাতে গত মঙ্গলবার সন্ধ্যায় মফিল মিয়ার বাড়িতে যান। মফিল কথাবার্তার একপর্যায়ে নিজাম উদ্দিনকে চড়থাপড় মেরে বের করে দেন। এর জের ধরে গতকাল সকালে গ্রামের চকবাজারে মফিল ও আল-আমীনের হাতাহাতি হয়। কিছুক্ষণ পর মফিল তাঁর লোকজন নিয়ে আল-আমীনের বাড়িতে হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। এ সময় পাঁচটি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয় শাহজাদাপুর উচ্চবিদ্যালয় ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউপি চেয়ারম্যান খোকন মিয়া জানান, সংঘর্ষে ইউপি সদস্য মফিলসহ দুই পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। তাঁদের মধ্যে ১৩ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।