সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার গ্রামবাসী দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। তাদের ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, দেওড়া গ্রামের কালা মিয়ার সঙ্গে একই গ্রামের ধন মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। গত ১৩ মার্চ কালা মিয়ার বংশের আনোয়ার হোসেনের বাড়ি থেকে একটি মুঠোফোন সেট চুরি হয়। আনোয়ারের লোকজন মুঠোফোন চুরির অভিযোগে ধন মিয়ার পক্ষের আশেক মিয়াকে (২০) পিটিয়ে জখম করে। এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাঁচ-ছয়টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে আবুল হোসেন, হেলাল মিয়া, সোহেল মিয়া, কাজল মিয়া, আবদুর রব, শফিকুর রহমান, ইদন মিয়া ও লাল মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নাসিমা বেগম, পারভিন বেগম, শেফালি আকতার, রুবিয়া বেগম, মাসুদা বেগম, মফিজ উদ্দিন, লুলু মিয়া, খোকন, হারুন মিয়া, মো. রফিক, বোরহান উদ্দিন ও নুর হোসেনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের সেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। তবে কাউকে আটক করতে পারেনি।কালা মিয়া ও ধন মিয়াসহ দুই পক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সরাইল থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।