সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে সকাল নয়টার দিকে আইয়ুব আলী ও মোশারফ খানের গোষ্ঠীর পাঁচ শতাধিক লোক দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেলা একটার দিকে এলাকাবাসী এ সংঘর্ষ থামাতে সক্ষম হন। সংঘর্ষে ইয়াজুল (২২), নুরুল হক (২৭), আলমগীর (২০), ইসহাক আলী (২৫), জুনির মিয়া (২০), জাহাঙ্গীর আলম (২২), আজাহার আলী (২০), শ্যামল মিয়া (২১), পারভেজ মিয়া (২৬), আলামিনসহ (১৮) অর্ধশতাধিক লোক আহত হন। তাঁরা উপজেলা ও জেলা সদর হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক বেলাল হোসেন জানান, দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।