সরাইলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার এক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত রোববার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. হারুন মিয়া (৪৮)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ক্রিকেট খেলা নিয়ে গত শনিবার উপজেলার শোলাবাড়ী গ্রামের বাসিন্দা ও স্থানীয় পানিশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোনায়েম খাঁর ছেলে আবদুল জলিল (১৬) ও একই গ্রামের গনি মিয়ার গোষ্ঠীর মন মিয়ার ছেলে শরিফ মিয়ার (১৭) মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গত রোববার সকালে মোনায়েম খাঁর পক্ষের লোকজন ও গনি মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে চলে যায়। কিন্তু ওই দিন বিকেলে গুজব ছড়িয়ে পড়ে গনি মিয়ার পক্ষের লোকজন মোনায়েম খাঁর পক্ষের ইদ্রিস মিয়া নামের (১৬) এক কিশোরকে ধরে নিয়ে গেছে। এরপর মোনায়েম খাঁর নেতৃত্বে তাঁর লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের দুই শতাধিক লোক লাঠিসোঁটা, দা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় ইটের আঘাতে গনি মিয়ার ছেলে হারুন মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের আশুগঞ্জ ও জেলা সদরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোনায়েম খাঁর পক্ষের মো. দানা মিয়া (৪৬) নামের এক ব্যক্তিকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত হারুনের বড় ছেলে মো. কাজল মিয়া ২৭ জনকে আসামি করে গতকাল সোমবার সরাইল থানায় একটি হত্যা মামলা করেছেন।