সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে রিপন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রিপন মিয়া গতকাল বুধবার মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রাহিম মিয়া ও আলী ইসলাম নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে পশ্চিম কুট্টাপাড়া গ্রামের দর্জিপাড়া এলাকা বর্তমানে পুরুষশূন্য হয়ে পড়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামে রায়হান উদ্দিন পক্ষ ও সাচ্চু মিয়া পক্ষের মধ্যে গতকাল সকালে ওই সংঘর্ষ হয়। এর আগের দিন রায়হান উদ্দিন মাইক্রোবাসযোগে ঢাকা থেকে ফিরছিলেন। কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসের সঙ্গে ওই মাইক্রোবাসের হালকা ধাক্কা লাগে। বিষয়টি নিয়ে বাসচালক এবং তাঁর সহযোগীর সঙ্গে রায়হানের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে বাসটি সরাইলে পৌঁছালে রায়হানের লোকজন বাসচালককে মারধরের চেষ্টা করে। এ সময় বাধা দেন ওই বাসের স্থানীয় কর্মী (লাইনম্যান) পশ্চিম কুট্টাপাড়া গ্রামের দর্জিপাড়া এলাকার বাসিন্দা সাচ্চু মিয়া। পরে সাচ্চুর লোকজন রায়হানের বাড়িতে হামলা চালায়। এ ঘটনার জের ধরে গতকালের হামলায় পশ্চিম কুট্টাপাড়ার রিপন মিয়াসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত একটি শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।