সরাইলে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ৪৮টি রাবার বুলেট ছুড়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রামের রাস্তা দিয়ে যাতায়াতকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য এলু মিয়ার ছেলে ফয়সাল মিয়ার সঙ্গে একই গ্রামের রোবেল মিয়ার বাগিবতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় ফয়সালের ভাই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গিয়াস উদ্দিন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এতে রোবেল মিয়ার পক্ষের ইসহাক মিয়া নামের এক কিশোর আহত হয়। ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে—এমন গুজব গ্রামে ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর কয়েক শ লোক গিয়াস উদ্দিন ও তাঁর পক্ষের লোকদের বসতবাড়িতে হামলা চালান। এ সময় উভয় পক্ষের কয়েক শ লোক দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিপক্ষের লোকজন গিয়াস উদ্দিনের পক্ষের দুই ব্যক্তির বাড়ির তিনটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।সংঘর্ষের সময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী, পুলিশ সদস্য ইউসুফ রানা ও আরিফ হোসেনসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে জসিম উদ্দিন, লতু মিয়া, সাইফুদ্দিন ও মহিম মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে গিয়াস উদ্দিনের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গিয়াস উদ্দিনসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০-২৫০ লোকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছে।ওসি উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৮টি রাবার বুলেট ছোড়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।