সরাইলে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুরে মেঘনা নদী থেকে গতকাল সোমবার সকালে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন রাজাপুর গ্রামের আসাদুল্লাহ (২০) ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নোয়াহাটা গ্রামের মো. চুন্নু (৩৫)।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত রোববার শেষরাতের দিকে স্থানীয় লোকজন রাজাপুর গ্রামের অদূরে মেঘনা নদীতে গুলির শব্দ শুনতে পান। গতকাল সকালে গ্রামের কয়েকজন মেঘনা নদীতে গিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ও দুটি লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী প্রথম আলোকে জানান, আসাদুল্লাহ নৌ-ডাকাত দলের সদস্য ছিলেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী জানান, লাশ দুটি পুলিশের জিমঞ্চায় রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মঙ্গলবার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হয়েছে।কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার সাইদ আহমেদ জানান, বাজিতপুর থানায় চুন্নুর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।