সরাইলে দুটি বাসের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে পশ্চিম কুট্টাপাড়ায় সোপান সিএনজি ফিলিং স্টেশনের সামনে তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দিগন্ত পরিবহনের চালকের সহযোগী আয়েত আলী (২৫) ও যাত্রী জহির মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হন। আয়েত আলীর বাড়ি সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকশার গ্রামে। জহির মিয়া কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের চণ্ডিবের এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় বাস দুটির চালকসহ ১৫ জন আহত হন।

আহত লোকজনের মধ্যে কাশেম আলী ও সুমন মিয়াকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাসুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।