সরাইলে দুর্বৃত্তদের হামলায় তরুণ লীগের নেতা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একদল দুর্বৃত্তের হামলায় উপজেলা তরুণ লীগের নেতা মো. মিলন মিয়া (৩০) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত নয়টায় উপজেলা সদরের প্রধান সড়কের রিকশাস্ট্যান্ড এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের সাবেক ইউপি সদস্য মোহামঞ্চদ আলীর ছেলে ও উপজেলা তরুণ লীগের সহসভাপতি মো. মিলন মিয়া পায়ে হেঁটে উপজেলা সদরের বাজারে যাচ্ছিলেন। স্থানীয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র দা ও লাঠিসোঁটা নিয়ে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে মিলন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রিকশাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে তাঁকে এলোপাতাড়ি লাঠির আঘাত ও দা দিয়ে কোপ দেওয়া হয়।