সরাইলে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বারিউড়া, শাহবাজপুর প্রথম গেট ও দ্বিতীয় গেটসংলগ্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কিছুসংখ্যক লোক ১৫-২০ বছর ধরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বারিউড়া, শাহবাজপুর প্রথম গেট ও দ্বিতীয় গেটসংলগ্ন সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। এরপর পাঁচ থেকে ছয় বছর ধরে আবার এসব স্থানে অবৈধ স্থাপনা গড়ে ওঠে।
গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ এমরান হোসেন বলেন, পর্যায়ক্রমে সরাইল উপজেলার অন্তর্ভুক্ত মহাসড়কের ওপর থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।