সরাইলে নারীদের উপস্থিতি বেশি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে অধিকাংশ কেন্দ্র দুপুরেই ফাঁকা হয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। সকাল নয়টায় উপজেলা সদরের স্থানীয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়কেন্দ্রে নারী ভোটারদের সারিতে অন্তত ৬০-৭০ জনকে দেখা গেছে। তবে পুরুষদের সারিতে ছিলেন মাত্র ১৫-২০ জন।
দুপুর পর্যন্ত উপজেলার অন্তত ২০টি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে। দুপুরের পর অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুট্টাপাড়া পূর্ব ও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দটুলা উত্তর ও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহবাজপুর উচ্চবিদ্যালয়, দেওড়া আদর্শ উচ্চবিদ্যালয়, শাহাজাদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়, কালীকচ্ছ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা। কিছুক্ষণ পরপর দু-একজন নারী ভোট দিচ্ছেন।
অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ূন কবীরসহ অনেকেই বলেন, ভোটার উপস্থিতি কম হলেও পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহামঞ্চদ এমরান হোসেন বলেন, ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।