সরাইলে নিলুফা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গৃহবধূ নিলুফা আক্তার ওরফে তনু (১৯) হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

সকাল ১০টায় উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারসহ নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন।

পুলিশ, গ্রামবাসী ও পরিবারের লোকজন বলেন, গত ১০ মে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের চান মিয়া মুন্সির মেয়ে নিলুফা আক্তারের সঙ্গে একই উপজেলার দীঘিরপাড় গ্রামের আহাদ আলীর ছেলে আহাম্মদ আলীর বিয়ে হয়। ২২ আগস্ট সকালে পুলিশ স্বামীর বাড়ি থেকে নিলুফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় গত ২৩ আগস্ট নিলুফার বড় ভাই কাইয়ুম মিয়া বাদী হয়ে আহাম্মদ আলীকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা করেন। পুলিশ ছয় সেপ্টেম্বর রাতে আহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলা কারাগারে আছেন।