সরাইলে নৌকার পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনতা ইউনিয়নের এসি একাডেমি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আজ শনিবার নৌকার প্রার্থীর পক্ষের লোকজন পাঁচটি বুথে জোর করে ঢুকে ২০০ থেকে ২৫০ জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোট দেওয়ার ওই চিত্র ভিডিওতে ধারণ করতে বুথের দরজার কাছে গেলে বেসরকারি টেলিভিশনের একজন ক্যামেরাপারসনকে মারধর করা হয়। এ কারণে সকাল ৯টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোট নেওয়া শুরু হয়।

প্রত্যক্ষদর্শী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পুলিশ জানায়, চুনতা এসি একাডেমি উচ্চবিদ্যালয়ে আওয়ামী লীগ প্রার্থী শাহাজাহান মিয়ার পক্ষের ১৫ থেকে ২০ জন লোক জোর করে পাঁচটি বুথে ঢকে জাল ভোট দিচ্ছিলেন। এ সময় ভিডিওচিত্র ধারণ করতে থাকা বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের ক্যামেরাপারসন সুমনকে মারধর করা হয়। সুমনকে রক্ষা করতে এটিএন নিউজের ব্যুরো চিফ পীযূষকান্তি আচার্য এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। যাওয়ার সময় তাঁরা ভোটকেন্দ্রের সিল ও স্ট্যাম্প নিয়ে যান। এ কারণে সকাল ৯টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখেন প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।

প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, কিছু সমস্যার কারণে সকাল ৯টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। এরপর আবার ভোট নেওয়া শুরু হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এখানে সুষ্ঠু ভোট গ্রহণের কোনো সুযোগ নেই। নৌকার প্রার্থীর ইচ্ছামতো ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁর লোকজনের কারণে এখানে ভোট গ্রহণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

জাল ভোট দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাজাহান মিয়া প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্রে সিল ও স্ট্যাম্পে কালি না থাকার কারণে ভোট নেওয়া বন্ধ ছিল। পরে আবার ভোট নেওয়া শুরু হয়।

ওই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, একটু সমস্যার কারণে কিছুক্ষণ ভোট গ্রহণে বিরতি ছিল। পরে নেওয়া শুরু হয়।