সরাইলে নৌঘাট দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের নৌঘাট দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ওই বিক্ষোভে দুই শতাধিক মানুষ অংশ নেন। পরে ইউএনওর মাধ্যমে ভূমিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তাঁরা। অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের ফুলু মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ঘোষণা করেন, দাবি মানা না হলে উপজেলা ভূমি কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। তাতেও কাজ না হলে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে। সমাবেশ বক্তব্য দেন, শফিকুর রহমান, আসিফ ইকবাল, মনোরঞ্জন প্রমুখ। স্থানীয় সূত্রে জানা যায়, অরুয়াইল, চুন্টা ও পাকশিমুল ইউনিয়নের জনগণের সুবিধার জন্য ২০০৮ সালে অরুয়াইল বাজারে তিতাস নদীর পাড়ে একটি নৌঘাট নির্মাণ করা হয়। ঘাটের পাশেই নির্মাণ করা হয় একটি যাত্রীছাউনি ও উন্মুক্ত বাজার। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শফিকুর রহমান (৩০) অভিযোগ করেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব মিলে প্রশাসনের সঙ্গে আঁতাত করে ইজারার নামে নৌঘাট দখল করে পাকা ঘর নির্মাণ করছেন।