সরাইলে পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের। গতকাল বুধবার তিনি এই নোটিশ দেন।
নোটিশপ্রাপ্তরা হলেন প্রধান শিক্ষক হরিদাস ভৌমিক; সহকারী শিক্ষক মশিউর রহমান, নারগিছ আক্তার, মণি দাস ও শেফালি বেগম। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক গতকাল সকাল সাড়ে নয়টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হননি। তাঁরা বেলা ১১টার পর এক এক করে বিদ্যালয়ে উপস্থিত হন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে জানতে পারেন। পরে বেলা তিনটার দিকে তিনি এ ব্যাপারে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেন।
প্রধান শিক্ষক হরিদাস ভৌমিক বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, ‘সকালে আমি একজন সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের উপবৃত্তির কাজে উপজেলা সদরে ছিলাম। পরে বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। অন্যরা কেন যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হননি, তা জানি না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের বলেন, আজ বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে প্রধান শিক্ষকসহ পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।