সরাইলে পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও মৃত দুজনের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে সীমা আক্তার (৬) গত বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে পরের দিন শুক্রবার শাহজাহান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুরে পরিবারের লোকজন সীমার লাশ বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখে। পৃথক ঘটনায় পানিতে ডুবে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের আইয়ুব আলীর মেয়ে আকলিমা বেগমের (১৮) মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজামেঞ্চল হক জানান, শুক্রবার সকালে আকলিমা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। গতকাল দুপুরে বর্ষায় জমে থাকা পানিতে তাঁর লাশ দেখতে পায় গ্রামবাসী। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ওই শিশু ও তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।