সরাইলে পিকআপ সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত চারজন। ঢাকা-সিলেট মহাসড়কে মাছের পোনাবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক দিয়ে আসা পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন পিকআপ ভ্যানের চালক সিরাজুল ইসলাম (৪০) ও তাঁর সহকারী লোকমান মিয়া। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের লাশ উদ্ধার করে।
দুর্ঘটনায় গুরুতর আহত হন পিকআপ ভ্যানের যাত্রী ভজন সরকার (১৯) ও সাধু দাস (১৮)। তাঁরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। কাভার্ড ভ্যানের আহত চালক কামাল হোসেন (৪৫) ও তাঁর সহকারী (নাম জানা যায়নি) পালিয়ে গেছেন বলে স্থানীয় লোকজন জানান।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, পিকআপ ভ্যানটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সরাইলের শাহবাজপুরের দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি যাচ্ছিল উল্টোদিক থেকে। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে জলাশয়ে তলিয়ে যায়।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকারের ভাষ্য, জলাশয় থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। দুটি গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।