ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে একদল লোক প্রতিপক্ষের বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন ছয় নারী।গতকাল বৃহস্পতিবার ভোরে ও বুধবার সন্ধ্যায় উপজেলার পাকশিমূল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গত ২৫ অক্টোবর তেলিকান্দি গ্রামের নৌকাঘাটে নৌকায় ওঠা নিয়ে গ্রামের রফিকুল ইসলাম ও আবুল কালামের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে ২ নভেম্বর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রফিকুল ইসলামের পক্ষের নূর মিয়াসহ (৪০) উভয় পক্ষের ৩০-৩৫ জন আহত হয়। গত বুধবার নূর মিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।সূত্রের ভাষ্যমতে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নূর মিয়ার পক্ষের লোকজন বুধবার সন্ধ্যায় এবং গতকাল ভোরে কালামের পক্ষের লোকজনের অন্তত ১০টি বসতঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে সমুজ আলী, ইজ্জত আলী, কালা মিয়া, ইদ্রিস আলী ও সিরাজ মিয়ার বসতঘর পুড়ে যায়। এ সময় হামলাকারীরা ধান-চাল, গরু-ছাগল ও হাঁস-মুরগি লুট করে নিয়ে যায়।হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আবুল কালামের পক্ষের হেলেনা বেগম, রোকেয়া আক্তার, মাইমোনা আক্তার, পরিষ্কার বেগম, সোহেরা বেগম ও হেলেনা বেগম আহত হন। গতকাল সরেজমিনে ঘটনাস্থলে একটি পোড়া গরু ও একাধিক হাঁস-মুরগি দেখা যায়। গতকাল বিকেল সাড়ে তিনটায়ও আগুন জ্বলতে দেখা যায়। সূত্র জানায়, অগ্নিকাণ্ডের পর থেকে স্থানীয় সুলতান মিয়ার ছেলে রহিম মিয়াকে (৪) পাওয়া যাচ্ছে না। এদিকে নূরু মিয়ার চাচাতো ভাই মজনু মিয়া হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।