সরাইলে প্রধান শিক্ষক নেই ৪৫ বিদ্যালয়ে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ এক থেকে আট বছর ধরে শূন্য। এগুলো হলো দুবাজাইল, তেলিকান্দি, জয়দরকান্দি পূর্ব, জয়দরকান্দি পশ্চিম, লোপাড়া, আজবপুর, বড়বল্লা, দেওবাড়িয়া, চাকশার ধর্মতীর্থ, আখিঁতারা, চৌড়াগুদা, বিটঘর, কুছনি, বুড্ডা, ধীতপুর, শাহজাদাপুর উত্তর, মলাইশ, নিয়ামতপুর, দুবাজাইল পশ্চিম, পাকশিমুল দক্ষিণ, কালিশিমুল উত্তর, কালিশিমুল পূর্ব, ভূইশর পাথরহাটি, পরমানন্দপুর পশ্চিম, হরিপুর, তেরকান্দা, লোপাড়া দক্ষিণ, নরশিংহপুর রাঙ্গুরীপাড়া, গাগড়াজুর দক্ষিণ, বড়াইল, টিঘর পূর্ব, শাখাইতি আকবরপাড়া, নাইলা, বিটঘর পূর্ব, সৈয়দটুলা পশ্চিম, জিলুকদারপাড়া, কাজীউড়া, নোয়াগাঁও মধ্যপাড়া, তিউরকোনা, কানিউচ্ছ গুচ্ছগ্রাম, চরকাকুড়িয়া, চাঁনপুর নতুন, ধাউরিয়া, তেলিকান্দি দক্ষিণ ও কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া উপজেলায় ৪১টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।
ধাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক শফিকুল ইসলাম খাদেম বলেন, ‘আমার বিদ্যালয়ে পাঁচ শিক্ষকের পদ থাকলেও আছি মাত্র তিনজন। প্রাশাসনিক দিক সামাল দেব, নাকি পাঠদানে মনোযোগী হব।’
টিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন,‘এখানে প্রধান শিক্ষকসহ শিক্ষকের দুটি পদ শূন্য। আমিও ডিসেম্বরে অবসরে যাব। ৩৫২ শিক্ষার্থীর এই বিদ্যালয় সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ওই বিদ্যালয়গুলোতে একদিকে প্রশাসনিক কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে শিশুশিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে।