সরাইলে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হাতুড়ে চিকিৎসক লাপাত্তা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় সন্তান প্রসবকালে এক প্রসূতিসহ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে প্রসূতির লাশ উদ্ধার করে। গতকাল বুধবার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলা সদরের বড় দেওয়ানপাড়ার নাঈম উদ্দিন মোল্লা (৪০) উচালিয়াপাড়া মোড়ের শানু মোল্লা মার্কেটে ‘রওশন মেডিকেল হল’ নামের একটি ওষুধের দোকানে ১৫-১৬ বছর ধরে সন্তান প্রসব করানোসহ নানা রোগের চিকিৎসা দিয়ে আসছেন। সোমবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাবর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী সামসুন্নাহার বেগম (২৫) প্রসবজনিত ব্যথা নিয়ে নাঈম মোল্লার কাছে চিকিৎসা নিতে আসেন। সামসুন্নাহারের সঙ্গে থাকা এক নারী (৩০) প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার দুপুর দুইডার দিকে হেই ডাক্তার (নাঈম মোল্লা) ও এক নারী বাইচ্ছা (নবজাতক) খালাছ করার জইন্য চেষ্টা করে, ফরে টেনে বাইচ্ছা বাইর করার সময় মা ও বাইচ্ছা মারা গেছে।’ নাঈম মোল্লার দোকানের আশপাশের লোকজন জানান, ঘটনার পরপর নাঈম মোল্লা পালিয়ে যান। রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল সরেজমিনে দেখা যায়, নাঈন মোল্লার ওষুধের দোকান বন্ধ। দোকানের সামনের একটি সাইনবোর্ডে তাঁর নামের আগে ‘ডা.’ লেখা রয়েছে। সামসুন্নাহারের স্বামী হোসেন মিয়া গতকাল সন্ধ্যায় নাঈম উদ্দিন মোল্লা ও তাঁর সহযোগী নারীর বিরুদ্ধে সরাইল থানায় মামলা করেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নাঈম মোল্লা কোনো চিকিৎসক নন। তিনি সন্তান প্রসব করানোর সময় মা ও নবজাতকের মৃত্যু ঘটে। এরপরই নাঈম মোল্লা সটকে পড়েন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।