সরাইলে ফের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সোমবার অভিযান চালিয়ে ফের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে মহাসড়কের পাশের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। ওই ব্যক্তিরা আবার এসব স্থানে দুই শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করেন। ১ ফেব্রুয়ারি বিশ্বরোড মোড় থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের ১০-১২ দিন পরই দখলদারেরা আবার অবৈধ স্থাপনা নির্মাণ করতে থাকেন। গতকাল এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী হাকিম মোহাম্মদ সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ সময় ব্রাহ্মণবাড়িয়া সওজের উপসহকারী প্রকৌশলী শফিক আহমেদ, সরাইল, সদর ও বিশ্বরোড মোড় হাইওয়ে থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।