ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় মো. সায়েম (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েম মহাসড়কের পাশে পায়ে চলার রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় আশুগঞ্জ থেকে কসবাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সায়েমের মৃত্যু হয়।শিশুটির মা রাহিমা বেগম ও বাবা সাইদুল। তাঁদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ী এলাকায়। তাঁরা শান্তিনগরের একটি চাতালে শ্রমিকের কাজ করেন। রাহিমা বেগম কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘ঝালমুড়ি খাওয়ার লাইগ্গা পুলা আমার কাছ থেইক্কা টেহা নিছিল। আমার পুলাডারে মাইরা ফালাইল।’মহাসড়ক অবরোধে অংশ নেওয়া শান্তিনগর গ্রামের হানিফ মিয়া, কবির হোসেন, কামাল মিয়াসহ অনেকে জানান, এখানে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে। যানগুলো বেপরোয়া গতিতে চলে। মহাসড়কের শান্তিনগর এলাকায় গতিরোধকের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে।এর প্রায় দেড় ঘণ্টা পর উত্তেজিত জনতাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ও হাইওয়ে পুলিশ গতিরোধক নির্মাণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।