সরাইলে বাড়ছে হামলা, সংঘর্ষ, ধর্ষণ ও ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ধর্ষণ, নারী নির্যাতন, চুরি-ডাকাতি, হামলা-সংঘর্ষ, বাল্যবিবাহ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত ও হামলার ঘটনা বেড়েই চলছে। থানায় লিখিত অভিযোগ বা মামলা করা হলেও বিশেষ মহলের তদবির ও সালিসকারীদের প্রভাবে এসব ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। ইউএনও হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, সালিসের নামে অপরাধমূলক ঘটনা ধামাচাপা দিলে সমাজে অপরাধপ্রবণতা বেড়ে যাবে। জানা যায়, গত ১৬ মার্চ উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের সাড়ে ছয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। ১৭ মার্চ ওই শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক খায়রুলের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পরদিন শিশুটিকে খায়রুলের সঙ্গে বিয়ে দেন সালিসকারীরা। বাল্যবিবাহের ঘটনায় গত ২৩ মার্চ হাটখোলা জামে মসজিদের ইমাম মাওলানা আমান উল্লাহ ও নিকাহ্ নিবন্ধনকারী কাজী আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। কিন্তু তদবিরকারীদের চাপে শেষ পর্যন্ত পুলিশ তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে তাঁরা জামিনে মুক্তি পান। গত ১৮ মার্চ মুঠোফোন চুরির অভিযোগে সাফিয়া বেগম নামের এক ভিখারিকে পিটিয়ে আহত করে মাথার চুল কেটে দেন সদর ইউনিয়নের নতুন হাবলী গ্রামের গৃহকর্ত্রী রুবিনা বেগম। এ ঘটনায় মামলা করেন সাফিয়া। সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বারসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি সাফিয়ার অজান্তে সালিস বৈঠকে বিষয়টি সমাধান করেন। ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘দুর্বল সালিসের কারণে সমাজে সংঘাতের হার বেড়েছে। তা সত্ত্বেও সালিসের দরকার আছে।’সরকারি জায়গা থেকে মাটি কাটার অপরাধে তিশা ব্রিকসের মালিক গৌরচন্দ্র সাহাসহ পাঁচজনের বিরুদ্ধে গত ১৬ মার্চ থানায় অভিযোগ করা হয় ভূমি অফিসের পক্ষ থেকে। কিন্তু তদবিরের কারণে গতকাল পর্যন্ত মামলাটি নথিভুক্ত হয়নি। নিবন্ধন ও কোনো কাগজপত্র না থাকায় দেওড়ার ফাইভ স্টার নামের ইটভাটাটি গত ১০ মার্চ সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। তবে মালিকপক্ষ এখনো ইটভাটাটি চালিয়ে যাচ্ছে। গত ৬ মার্চ শাহবাজপুরে এসএসসি পরীক্ষার্থী একটি মেয়ের ওপর হামলা চালায় কয়েকজন বখাটে। পরিবারের লোকজন এগিয়ে এলে বখাটেরা মেয়েটির মাসহ পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত করে। গত ১ মার্চ সদর ইউনিয়নের সরাইলে রাস্তা সংস্কারের কাজ তদারকিতে আসেন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্য সহকারী আবদুল আওয়াল। তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন প্রভাবশালী মো. আজাদ উদ্দিন। এলাকার প্রভাবশালী রাজনীতিবিদেরা ঘটনা ধামাচাপা দেন বলে অভিযোগ ওঠে।গত ৩১ জানুয়ারি হাজি রইছ মোল্লা মার্কেটে অগ্নিকাণ্ডের সময় বিলম্বের অভিযোগ এনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে কিছু উচ্ছৃঙ্খল যুবক। এ সময় হামলায় চালকসহ ফায়ার সার্ভিসের ছয়জন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ ঘটনায় প্রভাবশালীদের তদবিরে মামলা করতে পারেনি কর্তৃপক্ষ। প্রায় দুই মাস আগে উচালিয়াপাড়া গ্রামে চাল ব্যবসায়ী সেলিম মিয়ার দোকান থেকে ৪৬ বস্তা ওএমএসের চাল উদ্ধার করা হয়। জব্দ করা চাল নিয়ে শুরু হয় একটি মহলের তৎপরতা। জেলা প্রশাসক সরাইলে এসে সেলিমকে গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেন। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত কোনা ব্যবস্থা নেওয়া হয়নি। সালিসকারী মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, ‘সালিস করি বলেই পুলিশ-প্রশাসন কিছুটা স্বস্তিতে আছে। তা না হলে তাদের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যেত।’ সালিসকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি ইকবাল হোসেন বলেন, সঠিকভাবে সালিস করা হলে অবশ্যই সমাজে সুফল আসবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সালিসের নামে চলে প্রহসন। স্থানীয় ব্র্যাকের কর্মসূচি সংগঠক (মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি) নার্গিস আকতার বলেন, তথাকথিত সালিসের কারণে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন প্রথম আলোকে বলেন, থানায় তদবিরের চাপ নেই। আইন প্রয়োগেও কোনো বাধা নেই।