সরাইলে বিএনপি ও নবীগঞ্জে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বিএনপির আড়াই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। এদিকে গতকাল শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার ভূঁইয়া শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরে পৌঁছান। তাঁর আগমনের খবরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান সমর্থিত নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার আশঙ্কায় অপর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টারসহ শতাধিক নেতা-কর্মী আবদুস সাত্তারকে নিয়ে রাত নয়টার দিকে উপজেলা সদর ত্যাগ করেন।রাত সাড়ে নয়টার দিকে আবদুর রহমান সমর্থিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি অন্নদা স্কুল মোড় থেকে হাসপাতাল মোড় হয়ে উপজেলা সদরের দিকে রওনা হয়। ওই মিছিল থেকে আবদুস সাত্তারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এ সময় সাত্তার সমর্থিত কিছু তরুণ মিছিলটিকে পেছন থেকে ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সরাইল বাজার ও আশপাশের এলাকায় উভয় পক্ষের চার শতাধিক লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২টি রাবার বুলেট ছোড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আড়াই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হবিগঞ্জ: পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশিদ ও তাঁর লোকজন আজ রোববার উপজেলার নতুন বাজার এলাকায় সমাবেশ ডাকেন। সমাবেশ উপলক্ষে গতকাল সকালে হারুনুর রশিদের নেতৃত্বে নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান ও পৌর ছাত্রদল আহ্বায়ক আতাউর রহমান প্রচার অভিযানে বের হন। শহরের নতুন বাজার এলাকায় তাঁদের প্রচারকাজে বাধা দেয় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলম, জহিরুল ইসলাম ও রায়েস চৌধুরীর নেতৃত্বে অপর একটি পক্ষ। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে হারুনুর রশিদসহ কমপক্ষে ২০ জন আহত হন। গুরুতর আহত ছাত্রদল নেতা রায়েস চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাশেদ চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউএনও লুৎফুর রহমান গতকাল দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নবীগঞ্জ পৌর এলাকা ও নতুন বাজার এলাকায় এবং এর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।