সরাইলে বিকল বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ওপর নষ্ট হয়ে যায়। রাত ১০টার দিকে ওই বাসের চালক মোজাম্মেল হক (৩৬), চালকের সহযোগী (হেলপার) ওবায়দুল্লাহ (৩৫) ও বাসের ভাড়া আদায়কারী (কন্ডাক্টর) মিজান মিয়া (৩০) বাসটির মেরামতকাজ করছিলেন। চালক দাঁড়িয়ে ছিলেন আর অন্য দুজন বাসের নিচে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে পেছন দিক থেকে একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তখন বাসটি ছিটকে কিছুটা দূরে সরে যায়। আর ট্রাকচাপায় চালকসহ তিনজনই ঘটনাস্থলে মারা যান।
চালক মোজাম্মেল সরাইল উপজেলার বছিউড়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ও ওবায়দুল্লাহ (৩৫) একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। আর মিজান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বসুতিয়ারা গ্রামের জয়নুদ্দিনের ছেলে।