সংরক্ষিত নারী আসনে উমেঞ্চ ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে সাংসদ মনোনীত না করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। শিউলি আজাদের শতাধিক সমর্থক বেলা সাড়ে ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, দলীয় কোন্দলে খুন হওয়া সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের সহধর্মিণী উমেঞ্চ ফাতেমা নাজমা বেগমকে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছিল। পরে ১৪-দলীয় জোটের মধ্যে সমঝোতা হলে তাঁকে সরে দাঁড়াতে হয়। তিনি ও তাঁর সমর্থকদের আশা ছিল, সংরক্ষিত নারী আসনে তাঁকে মনোনীত করা হবে। কিন্তু গত বৃহস্পতিবার প্রকাশিত আওয়ামী লীগের সংরক্ষিত নারী সাংসদদের তালিকায় তাঁর নাম নেই। এতে তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হন।
অবরোধ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী আইনজীবী জয়নাল উদ্দিন ও মুখলেসুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ইউএনও মোহাম্মদ এমরান হোসেন ও সরাইল থানার ওসি মোহাম্মদ আলী আরশাদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ পর্যায়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অবরোধ শেষে জয়নাল উদ্দিন আগামীকাল (আজ রোববার) সরাইল উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেন। পরে তা প্রত্যাহার করা হয়।
শিউলি আজাদ প্রথম আলোকে বলেন, ‘গ্রামের সাধারণ মানুষ আমাকে ভালোবেসে রাস্তায় নেমে পড়েছে। ইকবালকে মেরে ফেলার পরও আমাকে কেন (নারী সাংসদ মনোনয়ন) দেওয়া হলো না এই ক্ষোভে তাদের এই প্রতিবাদ।’ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ ২০১২ সালের ২১ অক্টোবর খুন হন। এর এক বছর পর প্রকাশ্যে রাজনীতিতে নামেন তাঁর সহধর্মিণী উমেঞ্চ ফাতেমা নাজমা বেগম।