সরাইলে বিজিবি-জনতা সংঘষর্, চার সাংবাদিকসহ আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি জায়গার দখল নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে চার সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ৪০ জন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে অবস্থিত বিজিবির ১২ ব্যাটালিয়নের সদর দপ্তরের ২০০ গজ দূরে কালীকচ্ছ বাজারসংলগ্ন ২৬ শতাংশ একটি বিরোধপূর্ণ জায়গায় বিজিবির সদস্যরা রোববার রাতে হঠাৎ দখল করে চারদিকে টিন দিয়ে বেড়া নির্মাণ করেন। তাঁরা বেড়ার ভেতরে তাঁবু নির্মাণ করেন এবং ইট-বালুসহ নির্মাণসামগ্রী রাখতে শুরু করেন। গতকাল সোমবার সকাল নয়টার দিকে উত্তেজিত গ্রামবাসী টিনের বেড়া ও তাঁবু ভাঙচুর করে নির্মাণসামগ্রী বিনষ্ট করতে থাকে। কিছুক্ষণ পর দুই শতাধিক বিজিবি সদস্য ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীকে ধাওয়া করেন। এ সময় পাঁচ শতাধিক গ্রামবাসী তাঁদের উদ্দেশ্যে ইট-পাটকেল ছুটতে থাকে। এ সময় সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিজিবির সদস্যরা পথচারী শিশু-কিশোরসহ সব বয়সের লোকজনকে বেধম মারধর শুরু করেন। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে বিজিবির সদস্যরা দৈনিক বংলাবাজার পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মাসুদকে পিটিয়ে গুরুতর আহত করে তাঁর ক্যামেরা ও মুঠোফোন সেট ছিনিয়ে নেন। মাসুদকে রক্ষা করতে দৈনিক ইত্তেফাক-এর জুলকার নাঈন, দৈনিক মানবজমিন-এর মাহবুব খান ও দৈনিক ডেসটিনির নুরুল হুদা এগিয়ে গেলে বিজিবির সদস্যরা তাঁদেরও মারধর করে মুঠোফোর সেট ও ক্যামেরা ছিনিয়ে নেন। মো. মাসুদের বাঁ হাতের হাড় ভেঙে গেছে। বিজিবির ১২ ব্যাটালিয়নের ডিএডি আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘জায়গাটি আমাদের। আমাদের রয়েছে বৈধ কাগজপত্র। আমাদের মালপত্র ভাঙচুরের অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করব।’ কালীকচ্ছ গ্রামের নূরজাহান বেগম (৬০) নামের এক বৃদ্ধ প্রথম আলোকে বলেন, ‘জায়গাটি আমার মৃত মা কদবানুর নামে। বৈধ কাগজপত্রসহ ৫০-৬০ বছর ধরে জায়গাটি আমাদের দখলে আছে। হঠাৎ করে তারা (বিজিবি) জায়গার মালিক দাবি করে সমস্যার সৃষ্টি করেছে। ’ ইউএনও এ এস এম সাহেদুল ইসলাম বলেন, শান্তির স্বার্থে জায়গার ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিজিবির সদস্যসহ সবাইকে ওই জায়গা ত্যাগ করতে বলা হয়েছে।