সরাইলে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, ভাঙচুর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল সোমবার এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। একই সঙ্গে গত ৪৮ ঘণ্টায় ব্যাপক লোডশেডিং করার অভিযোগ তুলে জনতা আবাসিক প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরাইলে গত ৪৮ ঘণ্টায় মাত্র চার ঘণ্টা বিদ্যুৎ ছিল। এতে ক্ষিপ্ত হয়ে দুই শতাধিক মানুষ গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা সদরের বড় দেওয়ানপাড়ায় অবস্থিত আবাসিক প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর করে। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা ভয়ে কার্যালয় ত্যাগ করেন। আবাসিক প্রকৌশলী মো. শাহ আলম শেখ তখন তাঁর কার্যালয়ে ছিলেন না। সাড়ে ১০টায় ঘটনাস্থলে পুলিশ এলে জনতা সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের উচালিয়াপাড়া মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।একই দাবিতে বেলা ১১টায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় তিন শতাধিক মানুষ অবরোধ করে রাখে। দুপুর ১২টায় ইউএনও মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।