সরাইলে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, যানজট
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ, স্থানীয় সূত্র ও অবরোধে অংশ নেওয়া লোকজন জানান, সরাইল উপজেলার সব জায়গায় স্থাপন করা বৈদ্যুতিক খুঁটি ও তার অনেক বছর আগের। কোথাও আবার খুঁটির পরিবর্তে বাঁশ ব্যবহার করে বিতরণ লাইন টানা হয়েছে। তাই কয়েক দিন পরপর তার ছিঁড়ে পড়ছে। সামান্য বৃষ্টি বা বাতাস হলেই বিদ্যুৎ সরবরাহ ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে। দুই-তিন মাস ধরে সরাইলে টানা ১০-১২ ঘণ্টা এমনকি সারা দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এর ফলে উপজেলাবাসীর দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
তাই নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. বশিরউল্লাহ এবং উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. জাকারিয়ার নেতৃত্বে উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে স্থানীয় কয়েক শ মানুষ। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা দেড়টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনাস্থলে পৌঁছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়।
আওয়ামী লীগের নেতা বশিরউল্লাহ অভিযোগ করেন, ‘স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের একটি মহল বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্যই সরাইলে ইচ্ছাকৃতভাবে বিদ্যুতের সমস্যা সৃষ্টি করছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্থানীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শুভ্রত রায় প্রথম আলোকে বলেন, ‘উপজেলার সর্বত্র পুরোনো তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়েছে। এ ছাড়া সব সময় সরাইলে চাহিদার তুলনায় বিদ্যুৎ কম সরবরাহ করা হয়। তাই শিগগিরই এ সমস্যার সমাধান সম্ভব নয়।’
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বলেন, ‘এখানকার বিদ্যুতের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’