সরাইলে বিপণিবিতানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার সরাইল বিশ্বরোড মোড় এলাকার ওই বিপণিবিতানে ওই ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে এক তরুণ আহত হয়েছে।
এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় এলাকার মীর হারেক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পাঁচটি দোকানে থাকা নগদ টাকা, মালামাল ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে জেলা সদর ও আশুগঞ্জ থেকে তিনটি ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে মীর হারেকের ছেলে মীর খালেক মিয়া (২২) আহত হয়েছেন।
বিপণিবিতানের মালিক মীর হারেক দাবি করেন, অগ্নিকাণ্ডে দোকানে থাকা নগদ ১ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘আমার সঙ্গে আশপাশের একাধিক ব্যক্তির বিরোধ রয়েছে। আমার ধারণা, প্রতিপক্ষের কেউ আমার ক্ষতির জন্য এ ঘটনা ঘটিয়েছে।’