সরাইলে ভাটার ধোঁয়ায় কৃষকের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবািড়য়ার সরাইল-অরুয়াইল সড়কের পাশে স্থাপিত এই ইটভাটার কারণে জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে l ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবািড়য়ার সরাইল-অরুয়াইল সড়কের পাশে স্থাপিত এই ইটভাটার কারণে জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে একটি ইটভাটার চিমনির ধোঁয়ায় তিন বছর ধরে কৃষকদের ফসলের সর্বনাশ হচ্ছে। এ বছরও প্রায় ২০ একর জমির বোরো ধান সম্পূর্ণ এবং প্রায় ৩৫ একর জমির ধান আংশিক নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষকেরা প্রশাসনের কাছে ফসল রক্ষার আবেদন করেও স্থায়ী কোনো ফল পাচ্ছেন না।
উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, ছয় বছর আগে উপজেলার সরাইল-অরুয়াইল সড়কের পাশে চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে ছয় একর কৃষিজমিতে সদর উপজেলার সুহিলপুর এলাকার শফিকুল ইসলাম (৪০) মা-বাবা ব্রিকস নামের একটি ইটভাটা স্থাপন করেন। এরপর থেকে ওই এলাকার কৃষকদের ধানসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বোরো মৌসুমেও ওই ইটভাটার কালো ধোঁয়ায় ভাটার উত্তর পাশের কৃষকদের জমির ধান নষ্ট হয়ে যায়।
ইটভাটার ধোঁয়ায় গত বছরও কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই ভাটার মালিক ক্ষতিগ্রস্ত ৪৫ জন কৃষককে তিন লাখ টাকা ক্ষতিপূরণও দিয়েছিলেন। এ বছর ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকার ৩০ জন কৃষক ৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৪ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ ইকবাল হোসেন সরেজমিনে গিয়ে কৃষকদের অভিযোগের সত্যতা পান। তিনি এ ঘটনার জন্য শফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নির্বাহী হাকিম ইকবাল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর ও কৃষি অফিস থেকে ছাড়পত্র না নিয়েই ইটভাটায় ইট পোড়াচ্ছেন শফিকুল ইসলাম। সরেজমিনে দেখা গেছে, কৃষিজমির ওপর স্থাপিত ওই ইটভাটার ৫০ গজের মধ্যে লোপাড়া বাজার, দুটি বসতবাড়ি, একটি ক্লিনিক (আল-শাফা জেনারেল হাসপাতাল) অবস্থিত। এ ছাড়া এর পশ্চিমে ১০০ গজের মধ্যে লোপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, একটি কওমি মাদ্রাসা, দুটি মসজিদ ও কয়েক শ বসতবাড়ি অবস্থিত। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ৮ (১) ধারা অনুযায়ী আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ।
আইন লঙ্ঘন করে ভাটা স্থাপন ও ক্ষয়ক্ষতির বিষয়ে শফিকুল ইসলাম গতকাল বৃস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সবাই যেভাবে ইটভাটা করেছে, আমরাও সেভাবেই করেছি। ধান নষ্টের জন্য বারবার আমাদের দায়ী করা হচ্ছে। আসলে অধিক বৃষ্টির কারণে এমনটি হচ্ছে।’ পরিবেশের ছাড়পত্র না নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, তিনি এ জন্য পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয় এবং উপেজলা কৃষি কার্যালয়ে আবেদন করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
লোপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক নাসির উদ্দিন বলেন, এ বছর পানিতে তলিয়ে তাঁর সাত কানি (৩০ শতাংশে এক কানি) ও ইটভাটার ধোঁয়ায় পাঁচ কানি জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ধান কাটতে যাচ্ছেন না। কারণ ধানখেতে বন (খড়) ছাড়া কিছু নেই। একটি ইটভাটার জন্য প্রতিবছর এলাকার কৃষকদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা আবেদন করেছি এটি বন্ধের জন্য। আর প্রশাসন জরিমানা করে সরকারের জন্য। এতে আমাদের লাভ কি?’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ভাটার বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, চিমনির উচ্চতা কম হওয়ায় এবং কারিগরি ত্রুটি থাকায় এ পর্যন্ত তিনবার ফসলের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, ‘কৃষিজমিতেই অবৈধভাবে ওই ইটভাটাটি গড়ে উঠেছে। ইটভাটার ধোঁয়ার কারণেই বারবার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত তিন বছর ধরে আমি তাঁদের কৃষি বিভাগের কোনো ছাড়পত্র দিচ্ছি না।’ তিনি আরও বলেন, ওই ইটভাটার চিমনির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কম। এটি আরও ১৫ থেকে ২০ ফুট বেশি উঁচু হলে কৃষিজমির এমন ক্ষতি হতো না।
এ বিষয়ে ইউএনও উম্মে ইসরাত প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদের বা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের সড়কের ৫০০ মিটারের (আধা কিলোমিটার) মধ্যে বা কৃষিজমিতে ইটভাটা গড়ে ওঠার বিধান নেই। তাই ওই ইটভাটা বন্ধের প্রক্রিয়া চলছে।