সরাইলে মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচলবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচালককে মারধর ও ট্রাক ভাঙচুরের ঘটনায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে এই অবরোধ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও মহাসড়ক পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে বিশ্বরোড মোড়সংলগ্ন বেতবাড়িয়া গ্রামের সামনে ট্রাকের হর্ন দেওয়াকে কেন্দ্র করে রিকশাচালক কালা মিয়া (৩৫) ও ট্রাকচালক নাসির মিয়ার (২০) মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনায় বেতবাড়িয়া গ্রামের লোকজন ট্রাকটি ভাঙচুরসহ ট্রাকচালককে মারধর করেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে দিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে হাইওয়ে পুলিশ ও সদর থানার পুলিশের চেষ্টায় রাত সাড়ে আটটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মোহামঞ্চদ মহসিন প্রথম আলোকে বলেন, ‘অন্যায়ভাবে ট্রাক ভাঙচুর ও চালককে মারধর করা হয়েছে। তাই আমাদের লোকজন মহাসড়ক অবরোধ করেছেন।’