সরাইলে মহাসড়কে ডাকাতি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে মহাসড়কে সিএনজিচালিত একটি অটোরিকশায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সন্দেহভাজন ডাকাতের হামলায় অটোরিকশার তিনজন আরোহী আহত হয়েছেন।

ভুক্তভোগী ও পুলিশের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই ডাকাতির ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক শাহাবির মিয়া (৩০), যাত্রী রফিকুল ইসলাম (৪৮) ও তাঁর ছেলে ইফতেখার হোসেন (১৬)। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রফিকুলের বাড়ি উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামে। তিনি উপজেলার কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রফিকুলের ভাষ্য, তিনি, তাঁর স্ত্রী ও ছেলে একটি অটোরিকশায় করে উপজেলার শাহবাজপুরে যাচ্ছিলেন। রাত আটটার দিকে তাঁরা ইসলামাবাদ এলাকায় পৌঁছান। এ সময় ৮-১০ জন ডাকাত অটোরিকশার গতিরোধ করে। তারা অটোরিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। বাধা দিলে তাঁকে (রফিকুল) ও তাঁর ছেলেকেও আহত করে ডাকাতেরা। একপর্যায়ে তারা স্বর্ণালংকার, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন সেট লুটে নেয়।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।