সরাইলে মায়ের দায়ের কোপে ৫ বছরের কন্যাশিশু খুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মায়ের দায়ের কোপে শ্রাবন্তী সূত্রধর (৫) নামে এক কন্যাশিশু খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের সূত্রধর পাড়ায়।পুলিশ মা মুক্তারানী সূত্রধরকে (৩০) গ্রেপ্তার করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, অরুয়াইল ইউনিয়নের সূত্রধর পাড়ার রতন সূত্রধরের স্ত্রী মুক্তারানী সূত্রধর সমপ্রতি স্বামীর অজান্তে গ্রামীণ ব্যাংকের অরুয়াইল শাখা থেকে ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করে ওই টাকা প্রতিবেশী রানী সূত্রধরের কাছে লগ্নী করেন। এ জন্য প্রতি সপ্তাহে ঋণের কিস্তি হিসাবে ৫৫০ টাকা প্রদান করে আসছিলেন মুক্তারানী।কিছুদিন আগে রানী সূত্রধর এলাকা থেকে পালিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চলে যান। এতে পুরো ঋণের চাপ পড়ে মুক্তা সূত্রধরের ওপর। গতকাল বৃহস্পতিবার সকালে মুক্তারানীর আরেকটি কিস্তি দেওয়ার তারিখ থাকলেও টাকা জোগাড় করতে পারেননি। ভোর পাঁচটার দিকে মুক্তারানী কিস্তি দেওয়ার জন্য তাঁর স্বামী রতন সূত্রধরের কাছে টাকা চাইলে রতন টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে মুক্তারানী দা দিয়ে তাঁর পাঁচ বছরের কন্যা শ্রাবন্তী সূত্রধরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে এবং ঘাতক মুক্তারানীকে গ্রেপ্তার করে। গ্রামীণ ব্যাংক অরুয়াইল শাখার ব্যবস্থাপক সজল কুমার নন্দী বলেন, ‘মুক্তারানী আমাদের একজন ভালো গ্রাহক। তিনি আমাদের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে নিয়মিত কিস্তি দিয়ে আসছিলেন। আমরা তাঁকে কিস্তির জন্য কোনো চাপ দিইনি।’সরাইল থানা হাজতে থাকা মুক্তারানী সূত্রধর বলেন, ‘ঋণের কিস্তি হিসাবে প্রতি সপ্তাহে ৫০০ টাকা ও জমা হিসাবে ৫০ টাকা প্রদান করতাম। গতকাল ছিল আরেকটি কিস্তির দিন। কিস্তির টাকা জোগাড় না হওয়ায় সকালে স্বামীর কাছে টাকা চাই। সে দিতে অপারগতা প্রকাশ করলে তার সঙ্গে ঝগড়া হয়। পরে কী হয়েছে আমি বলতে পারি না।’সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন বলেন, ঋণগ্রস্ত হয়ে হতাশা থেকে মুক্তারানী সূত্রধর তাঁর শিশুকন্যাকে খুন করেছেন। আমরা তাঁকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মুক্তা কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তিনি বলেন, এ ঘটনায় রতন সূত্রধর তাঁর স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।