সরাইলে মুক্তিযোদ্ধার পা ভাঙার ঘটনায় পুলিশ কর্মকর্তার বিচার দাবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশ সদস্যরা পিটিয়ে এক মুক্তিযোদ্ধার পা ভেঙে দেওয়ার ঘটনায় গতকাল শুক্রবার স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দোষী পুলিশ কর্মকর্তার বিচারের দাবি জানানো হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরাইল-নাসিরনগর সড়কে গত বুধবার উপজেলার বড্ডাপাড়া ও তেরকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। ওইদিন সন্ধ্যায় উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের অসুস্থ মুক্তিযোদ্ধা রহমত আলী (৬০) ওষুধ কিনতে হাসপাতালের মোড়ে এলে পুলিশ তাঁর ওপর চড়াও হয়।রহমত আলী বলেছেন, এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি সদর সার্কেল) সঞ্জয় সরকার লাঠিপেটা করে তাঁর দুটি পা ভেঙে দেন।স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ও ওই সভার সভাপতি ইসমত আলী বলেন, সঞ্জয় সরকার পরিচয় পাওয়ার পরও একজন মুক্তিযোদ্ধাকে নির্যাতন করেছেন। তাঁরা তাঁর বিচারের দাবি জানান।তবে সঞ্জয় সরকার ওই মুক্তিযোদ্ধাকে মারধরের কথা অস্বীকার করেছেন।