সরাইলে মেঘনার ভাঙনে আতঙ্কে মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি, পালপাড়া ও সূত্রধরপাড়া গ্রামের শতাধিক পরিবারের মানুষ এখন ভাঙন আতঙ্কে দিন পার করছে। এরই মধ্যে বহু পরিবার ঘরের মালামাল ও দরজা-জানালা খুলে অন্যত্র আশ্রয় নিয়েছে।
গত শনিবার সরেজমিনে জানা যায়, ১ জুলাই থেকে শুরু হয়েছে ভাঙন। স্থানীয় বাসিন্দাদের চোখের সামনে নদীতে বিলীন হয়ে গেছে শাখাইতি গ্রামের পাঁচটি চাতালকল এবং পালপাড়া ও সূত্রধরপাড়ার ছয়টি পরিবারের বসতভিটা। ইদানীং ভাঙনের ভয়াবহতা কমলেও তা অব্যাহত রয়েছে। বেকার হয়ে পড়েছেন পাঁচটি চাতালকলের শতাধিক শ্রমিক।
শাখাইতি গ্রামের বাসিন্দা কালাম মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত ১০ বছরে তিল তিল করে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভিত্তির ওপর একটি পাকা ভবন নির্মাণ করেছিলাম। এখন নিজেই এর দরজা–জানালা খুলে নিয়েছি। আশ্রয় নিয়েছি অন্যের বাড়িতে। না জানি কোন সময় নদীতে মিশে যায় আমার বাড়িটা।’
শাখাইতি গ্রামের সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, প্রায় এক মাস ধরে গ্রামবাসী ভাঙনের সঙ্গে লড়ছে। তিনটি গ্রামের বাসিন্দারা সব সময় ভয় আর আতঙ্কে সময় পার করছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে না। অথচ সরকারিভাবে তাদের জন্য কিছুই করা হচ্ছে না। ভাঙন প্রতিরোধ বা সহায়তার কোনো নমুনাই নেই। নদীপারের ভুক্তভোগীরা ক্রমে ক্ষুব্ধ হয়ে উঠছে।
শাখাইতি গ্রামের ইউপি সদস্য (৩ নম্বর ওয়ার্ড) সুমন মুনশি বলেন, গত কয়েক বছরে নদীভাঙনের শিকার হয়ে অন্তত ৫০টি পরিবারের বসতবাড়ি বিলীন হয়েছে। ওই পরিবারগুলো এ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। এখন আবার গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেক পরিবার এ গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পানিশ্বর ইউপি চেয়ারম্যান দীন ইসলাম মিয়া বলেন, ২০ থেকে ২৫ দিন ধরে নদীভাঙন চলছে। বেশ কয়েকজন চাতালের মালিক নিঃস্ব হয়ে গেছেন। ভাঙন অব্যাহত রয়েছে। গ্রামজুড়ে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ আসছে আর যাচ্ছে। ভাঙন রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকারি কোনো সহায়তাও নেই। তাই স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত শনিবার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন।
সাংসদ জিয়াউল হক মৃধা বলেন, পানিশ্বর ইউনিয়নের ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ওই এলাকা রক্ষার জন্য বাঁধ নির্মাণ এবং যারা এরই মধ্যে ভূমিহীন হয়ে পড়েছে, তাদের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।