সরাইলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের আজ রোববার সন্ধ্যায় দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মনির হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার ওই বাসটি যাত্রী নিয়ে আশুগঞ্জ থেকে জেলা সদরে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ বাস থেকে যাত্রী মনির হোসেনসহ আট আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। রাত আটটার দিকে জেলা সদর হাসপাতালে মনির হোসেন মারা যান।
পুলিশ জানায়, মনির টাঙ্গাইল শহরের আশরাফ আলীর ছেলে। তিনি আশুগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ থেকে বাসটি উঠানোর চেষ্টা চলছে।