সরাইলে যাত্রীবাহী বাসে আগুন, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ শনিবার রাতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই শিশু ও দুই নারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাশেদ পরিবহনের সিএনজিচালিত একটি যাত্রীবাহী বাস ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। রাত আটটার দিকে কুট্টাপাড়া মোড় অতিক্রম করার পর ওই বাসের ব্যাটারিতে আগুন ধরে যায়। পরে তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়া করে বাস থেকে যাত্রীরা নামতে গিয়ে দুই শিশু, দুই নারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১০টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।