সরাইলে যানবাহনে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে ১২-১৩টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা ও গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। রোববার ডাকাতির শিকার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জুয়েল চৌধুরী জানান, সরাইল বিশ্বরোড মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নাসিরনগরে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে একদল ডাকাত সরাইলের পুটিয়া এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে আট-নয়টি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার মুঠোফোন সেটসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। গতকাল সকালে ডাকাতির শিকার নাসিরনগরের ফুলপুর গ্রামের অ্যাংরাজ মিয়া (৪০) জানান, সকাল সাড়ে সাতটার দিকে সরাইল বিশ্বরোড মোড় থেকে কয়েকটি অটোরিকশা যাত্রী নিয়ে নাসিরনগর যাচ্ছিল। পথে পুটিয়া ও নাসিরনগর উপজেলার কুণ্ডার মধ্যবর্তী স্থানে চারটি অটোরিকশা থামিয়ে ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে অস্ত্রের মুখে ৮০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় তিনিসহ দুজন আহত হন। অ্যাংরাজ মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, ‘ডাকাতি রোধে আমাদের চেষ্টায় ঘাটতি নেই। তবে ডাকাতি হলেও কেউ মামলা করতে আসে না।’